সত্যিই বলছি ! পাগল করে দিল। জীবন টা বরবাদ করে দিল


এই যে শোনো সকাল থেকে যে মোবাইল নিয়ে খুটখুট করছো, বাজারটা কখন যাবে শুনি?


এইতো, রেডি হচ্ছি, কী কী লাগবে?


কিছুই তো নেই সবই লাগবে।


দাঁড়াও ফর্দ করে নিচ্ছি।


এইকটা মাল তাও ফর্দ? মেমোরি তোমার এতই কম?


ঠিক আছে বলো কী কী লাগবে?


শোনো- আলু আনবে দু'কেজি, মাঝারি সাইজের চন্দ্রমুখী, সবুজ, দাগী যেন না হয়। 

পটল পাঁচশো, বড় দেখে, কিন্তু বীজ যেন নাহয়। 

ঢ্যাঁড়স আড়াইশো, কচি দেখে, আঙ্গুল দিয়ে ডগা ভেঙে দেখে আনবে। উচ্ছে দুশো, করলা আনবেনা কিন্তু!


আর কিছু?


হ্যাঁ, আদা শুকনো দেখে একশো, পিঁয়াজ পাঁচশো, গোলাপী দেখে নেবে, পচা আর সাদাটে দেখলে নেবেনা, সজনে ডাঁটা সরু দেখে একশো, টোম্যাটোর কথাতো তোমার মনেই থাকেনা যবে থেকে দাম বেড়েছে, লঙ্কা নেবে একশো সরু দেখে, পারলে একটা ভেঙে খেয়ে দেখবে, পেঁপে নেবে বড় দেখে একটা, কদিন খুব রিচ খাওয়া হয়েছে, একবার নখ দিয়ে  খুঁচিয়ে দেখে নেবে আঠা বেরোচ্ছে কিনা?


আর?


একটু শাক নিয়ে নিয়ো, তবে দেখো জল দেওয়া যেন না হয়, আর বেগুন নেবে দু তিনটে, কানা পোকা যেন না হয়, আর বীজ যেন না হয়!


বেগুনের ভেতর ঢুকবো কীভাবে?


তুমি চুপ করো, সবাই তোমায় ঠকায়, যত পচা ধচা মাল তোমায় গছিয়ে দেয়!


আর কিছু লাগবে?


একটু ফল এনো, কলা, কালো আর কাঁচা যেন না হয়, পেয়ারা আনবে ডাঁসা দেখে কটা, আর শসা অবশ্যই আনবে, তবে হাইব্রিড নয়।


মাছ টাছ কিছু লাগবে না?


ওমা সেটা আবার আলাদা করে বলতে হবে নাকি?


 কাটাপোনা পাঁচশো মত নেবে, আর জ্যান্ত মাছ যদি নাও অবশ্যই কাটিয়ে আনবে, যদি পারো তো একটু ঘুষো চিংড়ি নিয়ো। আর চিকেন কিছুটা নিয়ে এসো, তবে হাড় দেখে আনবে।


এবারে বেরোই তাহলে?


হ্যাঁ যাও, একটু টকদই এনোতো, আর কিছু মিষ্টি এনে রেখো।


সিঁড়ি দিয়ে নামতে ভেসে এল একটা সর্ষেগুড়োর প্যাকেট আর একটা গরমমশলা।


বাজারে পৌঁছে ফোনে ভেসে এল একটু পাকা তেঁতুল, কালো দেখে আর নতুন ফুলকপি উঠেছে মাসীমা বলছিলেন, পারলে দুটো নিয়ে এসো।


বাজার সেরে মুদি দোকানে ঢুকতেই ফোন, একটা চিকেন মশলা আর একশো বড়ি নেবে, বিউলির ডাল কিনা জিজ্ঞেস করে নেবে।


বাড়ির পথে রওনা হতে হতে ভাবছিলাম আজকে কী মেমরি টেস্টে পাশ করবো না কি ফেল!

ঘরে থলে রাখতে না রাখতেই শুনতে পেলাম সেই এতকরে বললাম পোস্ত আর পাঁচফোড়ন আনবে সেই ভুলেই গেলে!


কখন বললে?


কেন তুমি যখন সিঁড়ি দিয়ে নামছিলে তখন! এই সামান্য কটা জিনিস ও মনে থাকেনা তোমার!!!


(সংগৃহীত)

সমস্ত হতভাগ্য স‍‍্বামীদের উদ্দেশ্যে